ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার দাবিতে করা রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী।

বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মণ্ডল। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

নির্বাচন কমিশনের আইনজীবী জানান, আজকের রায়ের ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ থাকছে না।

জানা গেছে, ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র দেওয়ার দাবিতে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি রিটটি করেন রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা।

পরে ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ রুলটি খারিজ করে দেন আদালত।