সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় পলাতক থাকায় গত ১৯ এপ্রিল এই আদেশ দেন ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ।

গতকাল মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে এদিন আদালতে হাজির না হয়ে অসুস্থতার কথা জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার। তিনি দাবি করেন, তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ, কাউকে চিনতে পারেন না এবং স্মৃতিশক্তি হারিয়েছেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতাল-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বলেও উল্লেখ করা হয়। তবে দুদকের পক্ষ থেকে এই আবেদনের বিরোধিতা করা হয়। সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম জানান, পলাতক অবস্থায় এমন আবেদন গ্রহণযোগ্য নয়-এই যুক্তিতে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। পাশাপাশি আগামী বৃহস্পতিবার অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনের সহায়তায় সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে ১ কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর ও উত্তোলন করা হয়।

তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হলেও পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। সম্প্রতি সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। উল্লেখ্য, মামলার অপর আসামি মোশারফ হোসেন জামিনে থেকে এদিন আদালতে হাজিরা দিয়েছেন।