বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। গতকাল রোববার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগে ২০ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে দু’দিন সুপ্রিম কোর্টে ভার্চুয়াল কোর্ট পরিচালনার কথা জানানো হয়েছিল। এরপর থেকে সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হয়ে আসছিল।

ওইদিন প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানিয়েছিলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। তবে সপ্তাহের অন্যান্য কার্যদিবসে সশরীরে উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।