চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ ভালো নেই। সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যাকা-ের কারণে দেশবাসী উদ্বেগ ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যর্থ হলে দেশের মানুষ আবারো অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে আসবে। তাই রাজনৈতিক প্রতিহিংসা ও বিভক্তি বাদ দিয়ে সম্মিলিতভাবে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে হবে।
গতকাল শনিবার সকালে হাসপাতাল সড়কস্থ কক্সবাজার জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে তিনি আরো বলেন, কক্সবাজারের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানবতার সেবাকে অগ্রাধিকার দিয়ে দলীয় কর্মসূচি প্রণয়ন করতে হবে। নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে সমাজে ব্যাপকভাবে জনমত গঠন করতে সচেষ্ট থাকতে হবে। তিনি সত্য, সুন্দর এবং কল্যাণকর কাজে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।