হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কদিন আগেও যেখানে ভোরের আলো ফোটার আগেই মুখরিত হয়ে উঠত দেশের অন্যতম বৃহৎ শ্রমের হাট। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সেই ঐতিহ্যবাহী ‘কুড়িঘাট মোড়’ এখন যেন এক বিষাদের চত্বর। যে শ্রমিকদের পেতে কদিন আগে কৃষকেরা রীতিমতো প্রতিযোগিতা করতেন, প্রকৃতির নির্মম পরিহাসে আজ সেই শ্রমিকদের দিকে ফিরেও তাকাচ্ছেন না কেউ।
বিগত কিছুদিন আগে যখন বোরো ধান আকস্মিক পানিতে তলিয়ে যাচ্ছিল, তখন ফসল রক্ষায় শ্রমিকের মূল্য ছিল আকাশচুম্বী—যেন সোনার দাম! কিন্তু অতিবৃষ্টির ফলে কৃষকের ধান পুরোপুরি তলিয়ে যাওয়ায় এবং ফসল ঘরে তোলার আশা শেষ হয়ে যাওয়ায় মাত্র কয়েক দিনের ব্যবধানেই পাল্টে গেছে পুরো দৃশ্যপট। শ্রমের বাজারে নেমেছে চরম ধস। একদিকে সোনালী স্বপ্ন হারিয়ে কৃষকেরা আজ দিশেহারা, অন্যদিকে শ্রম বিক্রি করতে না পেরে পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে শত শত দিনমজুরের।
আকাশ থেকে মাটিতে নামল শ্রমের মূল্য : স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র সপ্তাহখানেক আগেও কুড়িঘাট মোড়ে একজন শ্রমিকের দৈনিক মজুরি ছিল ১২০০ থেকে ১৪০০ টাকা। অথচ বর্তমানে সেই শ্রমিক ৫০০ থেকে ৬০০ টাকাতেও বিক্রি হতে পারছেন না। শ্রমের মূল্য একেবারে নিম্নগামী হওয়ায় প্রতিদিন শত শত শ্রমিক হাটে এসে কাজ না পেয়ে শূন্য হাতে বাড়ি ফিরে যাচ্ছেন।