শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে দিনে-দুপুরে এক বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৬ লাখ ২০ হাজার টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৭ মে) দুপুরে উপজেলার গোসিংগা ইউনিয়ন এর পটকা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. বায়েজিত জানান, রোববার সকাল ১১টার দিকে তিনি কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। পরে তার স্ত্রী দুপুর সাড়ে ১২টার দিকে ঘরে তালা লাগিয়ে ব্যাংকের কাজে শ্রীপুর বাজারে যান।
তিনি আরও জানান, দুপুরে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের মূল দরজা ভাঙা এবং টিনের বেড়া কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছে। পরে ঘরের ভেতরে থাকা ওয়াড্রোব, শোকেস ও ড্রেসিং টেবিলের তালাও ভাঙা অবস্থায় পাওয়া যায়।
ভুক্তভোগীর দাবি, চোরেরা ঘরে থাকা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা এবং নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৬ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।