আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ প্রায় সোয়া কোটি টাকা মূল্যের আট ট্রাক জব্দ করা বিভিন্ন পণ্যসামগ্রী ধ্বংস করেছেন। বুধবার (২০ মে) সান্তাহার পৌসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার একটি ভাগারে বগুড়া কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ এই সকল পণ্য ধংস করেন। ধ্বংসকৃত পণ্যের মধ্যে ছিল ৩৪ লাখ ৭৫ হাজার ২৬৮টি বিড়ি, ২৮ হাজার পিস সিগারেটের শলাকা ও ব্যান্ডরোল, বিভিন্ন ব্যান্ডের ২ লাখ ৮৫ হাজার পিস শলাকা, ৫০ হাজার কার্টুন গুল, ২৫৮ কেজি জর্দ্দা এবং ৮ হাজার ৪৬৬ পিস জর্দ্দার কৌটা।
বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষের পাঠানো প্রেস রিলিজ সূত্রে জানা যায়, কাস্টমের বিভিন্ন গুদামে জব্দকৃত মজুত করা এ সকল পণ্য বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত ধ্বংস করা হয়। এ সময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. শামিমুল আলম, বগুড়া জেলা প্রশাসকের কার্যলয়, সিটি কর্পোরেশন, নওগাঁ ১৬ ব্যাটালিয়ন, বগুড়া পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সান্তাহার পৌরসভা কর্তৃপক্ষ ও পুলিশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. শামিমুল আলম জানান, এ সকল জব্দকৃত পণ্য কাস্টমের বিভিন্ন গুদামে মজুত ছিল। যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পণ্যগুলো ধ্বংস করা হয় এবং এই কার্যক্রম অব্যহত রাখা হবে।