সারাদেশে আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
এ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর অধীনে নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মতিন জানান, এবার যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৫৭০টি কলেজের মোট ১ লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯৮৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ১৮৯ জন। ফলে আগের বছরের মতো এবারও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি।
তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রথম দিন থেকেই বিষয়ভিত্তিক গুরুত্ব বিবেচনায় বোর্ডের একজন প্রতিনিধি ভিজিল্যান্স টিমে দায়িত্ব পালন করবেন।
যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৮০৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ছিলেন ৫৮ হাজার ১৭৯ জন এবং ছাত্রী ৫৮ হাজার ৬৩০ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৬৮ জন। একই সঙ্গে ছাত্রী বেড়েছে ১ হাজার ৫৫৯ জন, আর ছাত্র কমেছে ১ হাজার ১৯১ জন।
খুলনা বিভাগের ১০ জেলার পরীক্ষার্থীদের মধ্যে খুলনা জেলায় ২৩ হাজার ৫৪৭ জন, বাগেরহাটে ৮ হাজার ২২৯ জন, সাতক্ষীরায় ১২ হাজার ২৭৭ জন, কুষ্টিয়ায় ১৫ হাজার ৩৮৩ জন, চুয়াডাঙ্গায় ৭ হাজার ৫৭৯ জন, মেহেরপুরে ৩ হাজার ৯১৫ জন, যশোরে ১৯ হাজার ৭৯১ জন, নড়াইলে ৪ হাজার ৬৯৯ জন, ঝিনাইদহে ১৪ হাজার ৭০২ জন এবং মাগুরায় ৭ হাজার ৫৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
বিভাগভিত্তিক হিসেবে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ২২ হাজার ৭২৩ জন, মানবিক বিভাগে ৮১ হাজার ৯৬০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ৪৯৪ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত রয়েছেন ৮০ হাজার ৩৬৫ জন এবং অনিয়মিত ৩৫ হাজার ৮৫৩ জন। অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে আংশিক ৩১ হাজার ১২০ জন, সব বিষয়ে অংশগ্রহণকারী ৪ হাজার ৭৩৩ জন, মানোন্নয়ন পরীক্ষার্থী ৯২৭ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৪২ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মতিন আরও জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্র সচিবদের নিয়ে বোর্ডে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারীর গাফিলতি বরদাশত করা হবে না। তিনি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসনে বসার আহ্বান জানান।