গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে পৌর এলাকার চৌমাথা মোড় সংলগ্ন রংপুর, ঢাকা মহাসড়কের আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে। এতে আশপাশের পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার পরপরই ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের জেরে মুহূর্তের মধ্যে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপদে সরে যান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই বিষয়ে ছাত্রদলের স্থানীয় একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
খবর পেয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।