চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিনপুর গ্রামে রাস্তার অভাবে দীর্ঘদিন ধরে চরম জনদুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে যাওয়ায় চলাচলে ভোগান্তি আরও বেড়ে যায়। এ অবস্থায় প্রায় ৭০০ ফুট নতুন রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর লিখিত আবেদনে জানা যায়, ১২ নম্বর ফরাজীকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমিনপুর গ্রামের ৯৮ নম্বর আমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী ইউসুফ আলী প্রধানের বাড়ি থেকে পশ্চিম দিকে মরহুম মনসুর আহমেদ মাস্টারের বাড়ি সংলগ্ন মেইন রাস্তা পর্যন্ত প্রায় ৭০০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি নতুন রাস্তা নির্মাণ করা প্রয়োজন।
স্থানীয়রা জানান, ওই স্থানে কোনো সুগম রাস্তা না থাকায় জমির আইলের ওপর দিয়ে মানুষকে চলাচল করতে হয়। বর্ষা মৌসুমে সেখানে প্রায় ২ থেকে ৩ ফুট পানি জমে যায়। ফলে সাধারণ মানুষ, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লিদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, রাস্তা না থাকায় বর্ষার সময় বিদ্যালয়ে আসা-যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়। পানি ও কাদার কারণে পোশাক-জুতা নষ্ট হয়ে যায়। অনেক সময় ভিজে স্কুলে আসতে হয়। এখানে একটি ভালো রাস্তা নির্মাণ করা হলে আমাদের মতো শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার সবার চলাচলে সুবিধা হবে।
এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটির প্রয়োজনীয়তা থাকলেও এখনো স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই জনস্বার্থে দ্রুত রাস্তা নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।
তাদের প্রত্যাশা, প্রায় ৭০০ ফুট রাস্তাটি নির্মাণ করা হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে এবং আমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে।