এম এ আর মশিউর, যশোর : যশোরের সদর উপজেলার সীতারামপুর গ্রামের একটি খামারে ঢুকলেই চোখে পড়ে বিশালদেহী এক ষাঁড়। চকচকে ব্লাক রুপালী গায়ের রঙ, সুঠাম গঠন আর রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা গরুটির নাম ‘বিসিএস ক্যাডার’। নামটি শুনে অনেকেই প্রথমে মুচকি হাসেন। তবে এর পেছনে রয়েছে খামারির ব্যতিক্রমী ভাবনা ও দীর্ঘদিনের পরিশ্রমের গল্প।

প্রতিবছর ঈদুল আজহাকে ঘিরে কুরবানির পশুর হাটে বাহারি নামের গরু নিয়ে তৈরি হয় আলাদা আলোচনা। কোথাও রাজা, কোথাও সুলতান, আবার কোথাও বাহুবলী। এবার যশোরের কুরবানির বাজারে সবার নজর কেড়েছে ‘বিসিএস ক্যাডার’ নামের ব্রাহমা জাতের একটি বিশাল ষাঁড়।

গরুটির মালিক যশোর সদর উপজেলার সীতারামপুর এলাকার খামারি মহিদুল জামান কাজল। প্রায় ১০ মাস আগে তিনি গরুটি কিনে খামারে আনেন। এরপর থেকেই বিশেষ যতœ আর পরিচর্যায় বড় করে তোলেন সেটিকে। সেই শ্রম আর যতেœর প্রতীক হিসেবেই গরুটির নাম রাখা হয়েছে ‘বিসিএস ক্যাডার’।

খামারি কাজল বলেন, একজন শিক্ষার্থীকে বিসিএস ক্যাডার হতে যেমন কঠোর পরিশ্রম করতে হয়, তেমনি এই ব্রাহমা জাতের গরুটিকেও বড় করতে অনেক সময়, শ্রম ও যতœ দিতে হয়েছে। তাই একটু ভিন্নভাবে নাম রেখেছি।

খামারের ভেতরে ঢুকতেই নজর কাড়ে বিশাল আকৃতির গরুটি। প্রায় এক হাজার কেজি ওজনের এই ষাঁড়টি দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এসে দেখছেন আলোচিত গরুটি।

খামারি কাজল জানান, এবার তার খামারে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৪২টি গরু। তবে সবগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণ ‘বিসিএস ক্যাডার’। গরুটির দাম চাওয়া হয়েছে ১৫ লাখ টাকা। যদিও এখনো প্রত্যা­িশত ক্রেতা পাওয়া যায়নি।

তিনি বলেন, অনেকেই গরুটি দেখতে আসছেন, দামও জানতে চাইছেন। তবে এখনো কাক্সিক্ষত মূল্য পাওয়া যায়নি। আশা করছি ঈদের আগেই ভালো ক্রেতা মিলবে।

গরুটির পরিচয়েও রয়েছে বিশেষ আয়োজন। প্রতিদিন দুই বেলা শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। গরমের কষ্ট কমাতে ২৪ ঘণ্টা ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। মশা থেকে রক্ষা করতে নিয়মিত কয়েলও জ্বালানো হয়।

খাদ্য তালিকায় রয়েছে সবুজ ঘাস, খড়, ভুসি, ভুট্টা, গম ও খৈল। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুটিকে মোটাতাজা করা হয়েছে বলে দাবি খামারির। কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা স্টেরয়েড ব্যবহার করা হয়নি বলেও জানান তিনি।

স্থানীয়দের মতে, এবারের কুরবানির বাজারে যশোর অঞ্চলে এত বড় ও আকর্ষণীয় গরু খুব কমই দেখা গেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘বিসিএস ক্যাডার’-এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। ফলে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা।

ঈদুল আজহার এখনো বাকি প্রায় ১০দিন। এরই মধ্যে যশোরের কুরবানির বাজারে আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে ‘বিসিএস ক্যাডার’। শেষ পর্যন্ত কত দামে বিক্রি হয়, সেটিই এখন দেখার বিষয়।