ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। এসময় তাদের কাছ থেকে ৫৯৬ বোতল স্কাপ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
উপজেলার মোমিনতলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইমামীম মুবীন সরকার সুমন জানান, র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহেশপুরের মোমিনতলা বাজার এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির বহন করা বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫৯৬ বোতল স্কাপ ও ২০ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মহেশপুর উপজেলার যাদবপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে সবুজ হোসেন এবং মহসীন নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক দুজনের বাড়িই মহেশপুর উপজেলায়।
রামু (কক্সবাজার) : কক্সবাজারের রামু উপজেলার পূর্বাঞ্চল বর্তমানে যেন ইয়াবার অভয়ারণ্যে পরিণত হয়েছে। একের পর এক বড় চালান উদ্ধার হওয়ায় উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মাঝে। বিশেষ করে সীমান্তঘেঁষা ইউনিয়নগুলোতে ইয়াবা পাচার ও মজুদের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা জানায়, হাত বাড়ালেই মাদক। এতে সামাজিক পরিবেশ কলুষিত হয়ে পড়ছে।
জানা গেছে, রামুর পূর্বাঞ্চলে রয়েছে চারটি ইউনিয়ন- কাউয়ারখোপ, গর্জনিয়া, কচ্ছপিয়া ও ঈদগড় ইউনিয়ন। এর মধ্যে গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়ন মিয়ানমার সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্ব হওয়ায় এবং দীর্ঘ অরক্ষিত সীমান্ত থাকার কারণে সহজেই দেশে প্রবেশ করছে ভয়ংকর মাদক ইয়াবা।
স্থানীয়দের অভিযোগ, সীমান্তপথ ব্যবহার করে প্রতিনিয়ত ইয়াবার বড় বড় চালান দেশে ঢুকছে। এতে একদিকে যেমন যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে, অন্যদিকে দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
সম্প্রতি গত ১৩ মে সকাল ১১টার দিকে গর্জনিয়া ইউনিয়নের বাইক সোহেলের বাড়িতে অভিযান পরিচালনা করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি। অভিযানে নেতৃত্ব দেন নবাগত ইনচার্জ (আইসি) আনিসুর রহমান। এ সময় সেখান থেকে প্রায় এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এর কয়েকদিন পর, ১৯ মে কচ্ছপিয়া ইউনিয়নের মিয়াজীপাড়া এলাকার একটি ক্ষেত থেকে আরও ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ইয়াবা দেখে হতবাক হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
পার্বতীপুর দিনাজপুর : গত বুধবার পার্বতীপুর মডেল থানা পুলিশ ৬ কেজি গাঁজা ও একটি পিকাপ ভ্যান (ঢাকা মেট্টে-ন-১২-২৭৪৬) সহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার সদর থানার শ্রীপুর বালী গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে আব্দুল জলিল মিয়া (২৭) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানার কায়েমপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সাকিব আহম্মেদ (২৫)তাদের বিরুদ্ধে উপ পরির্দশক নজরুল ইসলাম বাদী হয়ে আজ বৃহস্পতিবার সকালে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গত বুধবার রাতে এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল উপজেলার হাবড়া ইউনিয়নের বিভিন্ন সড়কে রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় রাত সাড়ে ১০ টার দিকে মোবাইল ফোনে খবর পান যে, একই ইউনিয়নের ঝিনাইকুড়ি বাজারে ক্লাবের মোড় এলাকায় স্থানীয় লোকজন চলাফেরায় সন্দেহ হলে একটি পিক্যাপ ভ্যানসহ ২ ব্যক্তিকে আটক করেছে।
সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরে সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ আল-আমিন (৩৮) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গত ২২ মে দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বালোবাড়ি (হেমনগর) গ্রামের মারফত আলীর ছেলে।
র্যাব ১৪ (সিপিসি-১) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্প কমান্ডার মেজর লাবিদের নেতৃত্বে পিংনা ইউনিয়নের মেইয়া এলাকায় অভিযান চালানো হয়।
এসময় মাদক ব্যবসায়ী আল-আমিনের ভাড়াকৃত ঘরের খাটের নিচে ৬৯ কেজি গাঁজা পাওয়া যায়। আল-আমিন পালিয়ে যাওয়ায় চেষ্টা করলেও র্যাব সদস্যরা তাকে আটক করে।