চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ শিমুল (৩৮) নামের এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবদল কর্মি শিমুল দর্শনা পরানপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নারুল ইসলাম মাস্টারের ভাতিজা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে শিমুল দেশীয় অস্ত্র নিয়ে জয়রামপুর এলাকায় অবস্থান করছেন। পরে দামুড়হুদা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ২৪ ইঞ্চি লম্বা দেশীয় চাপাতি উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার, চাদাবাজি, অস্ত্র প্রদর্শন ও মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে শিমুলের সম্পৃক্ততা রয়েছে। তার কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল বলেও দাবি করেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।