দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে হোমনা থানা পুলিশ। তবে এ সময় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। মঙ্গলবার (১২ মে) সকালে হোমনা থানার এসআই মোসলেহ উদ্দিন ও এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাদ্দাম বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মেঘনাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে মেঘনা থানার মানিকারচর এলাকায় থামানোর চেষ্টা করলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।পরে গাড়িটি তল্লাশি করে পিছনের কেবিনেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ প্রাইভেটকারটিও জব্দ করেছে।হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বড়লেখা (মৌলভীবাজার) : মৌলভীবাজারের বড়লেখায় এক কেজি গাঁজাসহ রিপন রবি দাস (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে উপজেলার অহিদাবাদ চা বাগানের পাঞ্জা খানা মসজিদসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রিপন রবি দাস উপজেলার কালিকাবাড়ী চা বাগান এলাকার শিবচরণ রবিদাসের ছেলে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলা জুড়ে মাদক নির্মূলে জোরালো অভিযান চালিয়ে সফলতা অর্জন করছে বাংলাদেশ পুলিশ। বিশেষ করে। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান যোগদানের পর থেকে মাদকবিরোধী কার্যক্রমে নতুন গতি ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। স্থানীয়দের দাবি, বিগত কয়েক দশকের তুলনায় বর্তমানে মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা অনেক বেড়েছে। নিয়মিত অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং কঠোর নজরদারির কারণে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরে এসেছে। ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, “মাদক দেশ ও জাতির জন্য ভয়াবহ ক্ষতিকর। এটি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের কারণে পরিবারে অশান্তি, সামাজিক অপরাধ ও খুনসহ নানা অপকর্ম বৃদ্ধি পাচ্ছে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করা গেলে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
নরসিংদী : রায়পুরা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করে। গত সোমবার গভীর রাতে রতনপুর বাজার সংলগ্ন ভাই ভাই গ্যারেজের সামনে থেকে আলামিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার হেফাজতে থাকা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই রাতে মাহমুদাবাদ এলাকার লিজা জর্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট ডিউটি করাকালীন সন্দেহভাজন হিসেবে আব্দুল আজিজ (২৮) নামে একজনকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও একই দিন বিকালে চরসুবুদ্ধি ডেঙ্গ পাড়ায় অপর অভিযানে জনৈকা হামিদার বসত ঘর থেকে ১০ পিস ইয়াবাসহ মো. জুয়েল (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়। জুয়েল ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে।
নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক এর নির্দেশে রায়পুরা থানার এসআই মোহাম্মদ শফিউল্লাহ, এসআই তাজুল ইসলাম এবং এসআই দিবস কুমার মৃধা এসকল অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা বলে পুলিশ জানায়। এব্যাপারে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে রোবার দুপুর বেলা বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চোরাকারবারি চক্র সীমান্ত দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (৯ মে) শেষ বিকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ণের অধিন গংগারহাট বিওপির বিশেষ টহলদল ফুলবাড়ী উপজেলার উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা ধাওয়া দিলে তারা সঙ্গে থাকা ব্যাফুফলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৪ হাজার ৪০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।