রংপুর অফিস

রংপুর জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, রংপুর জেলার আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক নির্মুলে পুলিশ প্রশাসনকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গা পূজায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি সকল দলের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এক্ষেত্রে তার দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন তিনি।

জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানীসহ জেলা ও পুলিশ প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট ইসরাত জাহান সভায় সভাপতিত্ব করেন।

সভায় মহানগরীর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যানজট নিরসনসহ জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, আসন্ন দুর্গা পূজায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করণ, দুর্ঘটনা রোধে সড়কে ওভারব্রীজ স্থাপন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করণে দিক নির্দেশনা সহ প্রয়োজনীয় প্রস্তবনা উপস্থাপন ও সেসব বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়।

পরে একই স্থানে কারাগারে আটক শিশু-কিশোরদের মুক্তির বিষয়ে গঠিত জেলা টাস্কর্ফোস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা, মাদকদ্রব্য নিরাময় কেন্দ্র, বাল্য বিবাহ নিরোধ, চোরাচালান প্রতিরোধ টাস্কর্ফোস, চাঞ্চল্যকর মামলা মনিটরিং, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, জেলা আদালত সহায়তা এবং মানব পাচার প্রতিরোধ কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়।