আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে টঙ্গীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে আব্দুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর টঙ্গী বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক কর্মী সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগরের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মোঃ খাইরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা আমীর ও মহানগর কর্মপরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা ও ভরান জামে মসজিদের খতিব মাওলানা কেরামত আলী, ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর এবিএম সাইফুল্লাহ এবং নায়েবে আমীর অধ্যাপক আ.খ.ম আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর এবিএম সাইফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম। সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে সমাজে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ খাইরুল হাসান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণ, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সেবামূলক রাজনীতিতে বিশ্বাস করে। তিনি বলেন, ‘আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে জনগণ ভয়ভীতি ও প্রভাবমুক্ত পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।’ তিনি অতীতের বিভিন্ন নির্বাচনে অনিয়ম ও ‘নির্বাচনী ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে ধরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমান তার বক্তব্যে বলেন, টঙ্গী এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মতো অপরাধ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এসব অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ক্ষমতা অর্জন নয়, মানুষের সেবা করা। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।’

সম্মেলনে নেতাকর্মীরা আগামী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের পক্ষে সর্বস্তরের মানুষের সমর্থন কামনা করেন।