জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন, গাজীপুর এ মেলার আয়োজন করেছে।

গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দির প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। জাতীয় পর্যায়ে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন। এর সঙ্গে সামঞ্জস্য রেখে গাজীপুরেও আঞ্চলিকভাবে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া।

সকালে বেলুন ও সাদা পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সেবাগ্রহীতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মেলায় ভূমিসেবা সংশ্লিষ্ট ১০টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলোতে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ানের কপি সংগ্রহ, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত তথ্য, রেজিস্ট্রেশন সেবা এবং বিভিন্ন অনলাইনভিত্তিক ভূমিসেবা সম্পর্কে তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হচ্ছে।

মেলা উপলক্ষে ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ৬ জন ব্যক্তির হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন প্রধান অতিথি এম. মঞ্জুরুল করিম রনি। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিবুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) গাজীপুর সদর মঈন খান এলিস, সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি বলেন, ভূমি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক খাত। সাধারণ মানুষ যাতে সহজে, দ্রুত এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই ভূমিসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমবে এবং সেবায় স্বচ্ছতা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় সাধারণ মানুষকে অংশগ্রহণ করে আধুনিক ও অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।