সাভার সংবাদদাতা

ইসলামের বিজয় সুনিশ্চিত করতে জামায়াত নেতৃবৃন্দকে নিরলস ভাবে কাজ করতে হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আব্দুল জব্বার।

গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে উপজেলা/ থানা শূরা ও কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী সম্মেলন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, সুপরিকল্পনা ইসলামি আন্দোলনের সফলতার অন্যতম পূর্বশর্ত। পরিকল্পিত কর্মপ্রচেষ্টা, সাংগঠনিক শৃঙ্খলা এবং আদর্শিক দৃঢ়তার মাধ্যমেই একটি আন্দোলন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। ইসলামি আন্দোলন কোনো আবেগনির্ভর কার্যক্রম নয়; বরং এটি একটি সুসংগঠিত আদর্শিক আন্দোলন। তাই প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলদের সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি বলেন, মহানবী মুহাম্মদ (সা.)-এর সংগ্রামী জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর প্রতিটি কর্মপদ্ধতিতে সুপরিকল্পনা, ধৈর্য ও দূরদর্শিতার অনন্য দৃষ্টান্ত রয়েছে।

এছাড়াও আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান এবং ঢাকা জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম।

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন ও উপাধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক কবিরুজ্জামান, আবদুল কুদ্দুস, মাওলানা মুবিনুর রহমান, লুৎফর রহমান মোল্লা, ইমদাদুল হক, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, প্রচার-মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম ও জেলার বিভিন্ন থানার আমীর প্রমুখ।