কাপাসিয়া (গাজীপুর) থেকে সংবাদদাতা : কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফাজিল মাদরাসার পূর্বপাশের সংযোগ রাস্তাটি বর্তমানে বেহাল দশার কারণে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
দুই বিলের সংযোগ স্থলের নালার উপর বসানো পাইপ ভেঙে যাওয়ায় সামান্য বৃষ্টিতে বিড়ম্বনার শিকার হয় ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষ। বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি ফাজিল মাদরাসা, হাফিজিয়া মাদরাসা, এতিমখানা, জামে মসজিদ ও ঈদগাহ মাঠ । এসব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সংযোগ মেঠোপথটি পাশ্ববর্তী রানীগঞ্জ - তারাগঞ্জ পিচঢালা সড়কে মিলিত হয়েছে। এ পথ মাড়িয়ে বেগুনহাটি পূর্ব পাড়া, গোসাইর গাঁও, ঘিঘাট, বাড়ৈ গাঁও গ্রামের শত শত ছাত্রছাত্রী এসব প্রতিষ্ঠানে লেখাপড়া করে।
এসব গ্রামের স্কুলগামী অনেকেই প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে যাতায়াত করে। বর্ষায় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ে। রাস্তার বেহাল দশার কারণে প্রায় ঘটে দুর্ঘটনা।
সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায়। টানা বর্ষণের ফলে রাস্তার বেশিরভাগই খানা-খন্দে ভরপুর। এর ফলে এ রাস্তা চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
এ রাস্তাটি জনস্বার্থে পাকা করা এবং নালার উপর ছোট কালভার্ট নির্মাণ করার দাবী দীর্ঘদিনের। কালভার্ট বা পাইপ বসানো খুবই জরুরি হয়ে পড়েছে। স্কুল মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের জন্য এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নজর দেয়া প্রয়োজন।
বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটি বলেন, স্কুলের সংযোগ সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। এ পথ দিয়ে ছাত্র ছাত্রীরা ইউনিফর্ম পরে নিয়মিত আসাযাওয়া করে। সড়কের বেহাল দশায় তাদের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি সংষ্কার করা দরকার।