গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে মোট ১ কোটি ১৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষকে নয়, পুরো একটি পরিবারকে বিপর্যস্ত করে দেয়। সরকারের এই সহায়তা পরিবারগুলোকে নতুন করে ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও সহায়তা করবে।
তিনি আরও বলেন, এই অর্থ যেন সঠিকভাবে কাজে লাগানো হয় এবং পরিবারগুলোর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হয়। একই সঙ্গে তিনি সড়ক দুর্ঘটনা রোধে সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম সদস্য হারিয়েছেন, আবার কেউ কেউ গুরুতর আহত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন। সহায়তা পেয়ে তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, বিআরটিএ’র কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।