রাজশাহীতে জীবন বীমা কর্পোরেশনের এক উন্নয়ন ম্যানেজারের বিরুদ্ধে ৭ জন গ্রাহকের ২৯ লাখ টাকারও বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা মোকছেদুল হক বর্তমানে পলাতক রয়েছেন। ভুক্তভোগীরা রাজশাহীর রাজপাড়া থানা ও জীবন বীমা কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ নিয়ে গতকাল বীমা অফিসের সামনে গ্রাহকরা একটি মানববন্ধনও করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর মাসে রাজশাহী রিজিওনাল অফিসের উন্নয়ন ম্যানেজার মো. মোকছেদুল হকের মাধ্যমে সাতজন গ্রাহক পেনশন বীমা চালু করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সময়ে গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করলেও তা অফিসে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন এবং গ্রাহকদের ভূয়া রশিদ প্রদান করেন। দীর্ঘদিন পর গ্রাহকরা জীবন বীমা কর্পোরেশনের অফিসে যোগাযোগ করলে জানতে পারেন, তাদের জমাকৃত অর্থের কোনো হিসাব অফিসে নেই। এরপরই প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। অভিযোগে আরো বলা হয়, ঘটনা জানাজানির পর তিনি বিভিন্নভাবে আশ্বাস দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। পাশাপাশি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় ঘটনাটি গোপন রাখার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী অসীম কুমার দাস বলেন, তারা ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে জীবন বীমায় টাকা জমা রেখেছিলেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রতারণার কারণে তাদের অর্থ আত্মসাৎ হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার এবং টাকা ফেরতের দাবি জানান।