নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সিটি পার্ক এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। এদের মধ্যে একজনকে অনলাইন জুয়ার এজেন্ট বলে দাবি করেছে র্যাব। শনিবার র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতাররা হচ্ছে, জাহিদ হাসান (২৬), মো. মাশরাফি (১৯), আব্দুর রহমান (২৩), মো. আমানুল্লাহ (১৯), এবং মো. সিয়াম (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সিটি পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানায়, অনলাইন জুয়ার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পুলিশ এক বিজ্ঞপ্তিতে জনায়, শহরের চাষাঢ়া ও এম সার্কেস এলাকায় অভিযান চালিয়ে সদর মডেল থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের ৬ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মনির হোসেন (৪৮) বজলু (৪৫) আফজাল মিস্ত্রী (৪৫) মেহেদী দর্জি (৩৪) খোরশেদ আলম অপু (৩৬) সোহেল সরকার (৩৫)। গ্রেফতারকৃতদের মধ্যে মেহেদী দর্জির বিরুদ্ধে চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় ২ টি এবং সিদ্ধিরগঞ্জ থানায় ১ টি মামলা রয়েছে। খোরশেদ আলম অপুর বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ১টি ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় ১ টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।