মৌলভীবাজার সংবাদদাতা: বাংলাদেশী বংশোদ্ভূত মৌলভীবাজারের মেয়ে সাঈদা চৌধুরী বৃটেনের রাজধানী লন্ডনের অন্যতম গুরুত্বপূর্ণ ও বহুজাতিক প্রশাসনিক এলাকা লন্ডন বারা অব রেডব্রিজ এর ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। গত ২১ মে কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়। সাঈদা চৌধুরীর এই অনন্য অর্জনে লন্ডনে বসবাসরত প্রবাসী বাঙালি ও বাংলাদেশের মানুষের মাঝে, বিশেষ করে তার জন্মভূমি মৌলভীবাজারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কাউন্সিলর সাঈদা চৌধুরীর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বেকামুড়া গ্রামে। সুদূর প্রবাসে মূলধারার রাজনীতি ও সমাজসেবায় ব্যস্ত থাকলেও তিনি এবং তার পরিবার নাড়ির টান ভুলে যাননি। তার জন্ম স্থান বেকামুড়া গ্রাম ও মৌলভীবাজারের সাধারণ মানুষের সাথে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। দূর প্রবাসে থেকেও নিজ গ্রামের উন্নয়ন ও বিভিন্ন সামাজিক উদ্যোগে অবদান রেখে চলেছেন এই কৃতি সন্তান। তার এই গৌরবময় সাফল্যে বেকামুড়া গ্রাম ও মৌলভীবাজার জেলা এবং বাংলাদেশের বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একে মৌলভীবাজার জেলার গৌরব বলে অভিহিত করেছেন সবাই। লন্ডন শহরের বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি লিডার আবু তাহের চৌধুরী দৈনিক সংগ্রামের মৌলভীবাজার জেলা প্রতিনিধি আজাদুর রহমান আজাদকে উল্লেখিত তথ্য জানান।