বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে মো. মিন্টু শেখ (৪৬) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে।হত্যাকান্ডের পর তার ডান হাত বিচ্ছিন্ন করে নিয়ে যাওয়ার ও অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।

১৮ মে (সোমবার) বিকেল ০৫ টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বোলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু শেখ বোলপুর গ্রামের আব্দুল ওয়াহেদ শেখের পুত্র।নিহত মিন্টু শেখের স্ত্রী,দুই পুত্র ও তিন কন্যা রয়েছে।

ঘটনার দিন সন্ধ্যা ০৭টার দিকে নিহতের স্বজনেরা মিন্টু শেখের মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়।নিহতের ভাই মিজান শেখ জানান, সোমবার বিকেলে কাজ শেষে একা বাড়ি ফিরছিলেন মিন্টু শেখ।পথে পূর্ব শত্রুতা ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ১৫/২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা তার ডান হাত বিচ্ছিন্ন করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।