কুষ্টিয়ার খোকসায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কিশোরের নাম শওকত শেখ (১৫)। সে খোকসা উপজেলার বসোয়া গ্রামের এরশাদ শেখের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ছয় বছরের ওই শিশু তাদের বাড়ির উঠানে খেলছিল। এ সময় শওকত তাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে রাজবাড়ীর পাংশা থানাধীন বসাকুষ্টিয়া এলাকার একটি কলাবাগানে নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, সেখানে নিয়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে শওকত। পরে বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা মো. হারুন মন্ডল বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় পাংশা মডেল থানায় মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. নাসিরুজ্জামান খোকসা থানা পুলিশের সহায়তায় শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে খোকসা থানা এলাকা থেকে শওকত শেখকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার কিশোরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।