কুষ্টিয়ায় গরিব, অসহায় ও শ্রমজীবী ভ্যান-রিকশা চালকদের মাঝে বিনামূল্যে ১৫০টি ছাতা বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের জগতি দরগাতলা স্কুল মাঠে এ ছাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গরিব, অসহায় ও শ্রমজীবী ভ্যান-রিকশা চালকদের মাঝে এসব ছাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া শহর জামায়াতের সেক্রেটারি শামীম আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা শ্রমজীবী ভ্যান ও রিকশা চালকদের হাতে বিনামূল্যে ছাতা তুলে দেন।
আয়োজকরা জানান, প্রচণ্ড রোদ-বৃষ্টি উপেক্ষা করে জীবিকার তাগিদে প্রতিদিন রাস্তায় চলাচল করেন ভ্যান ও রিকশা চালকরা। তাদের দুর্ভোগ কিছুটা লাঘব এবং মানবিক সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ছাতা বিতরণকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী ও শ্রমজীবী মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপকারভোগীরা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।