মোংলা (বাগেরহাট) সংবাদদাতা : পূর্ব সুন্দরবন থেকে শিকারিদের মাধ্যমে পাচার হওয়া একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ ও স্থানীয়রা। সোমবার সকাল ৭টার দিকে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার করা হয়। পরে আহত হরিণটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে দুপুরে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, স্থানীয় জনগণের সহায়তায় টহল ফাঁড়ির সদস্যরা যৌথভাবে হরিণটি উদ্ধার করেন। উদ্ধারকৃত হরিণটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানান তিনি। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়ার পর হরিণটিকে নিরাপদে বনে ফিরিয়ে দেয়া হয়।