গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সারাবো এলাকার ভবানীপুর পূর্বপাড়া গজারীবাগান এলাকায় একটি পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জুবায়ের (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সে কাশেমপুর থানার পূর্ব ভবানীপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিশুটি পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সারাবোর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
স্থানীয়রা জানান, শিশুটিকে নিয়ে তার দুলাভাই গোসল করতে পুকুরে যান। একপর্যায়ে তিনি গোসল শেষে উঠে এসে পুকুরঘাটে শুধু শিশুটির স্যান্ডেল দেখতে পান। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি অভিযান শুরু করেন। স্টেশন অফিসার মোঃ আব্দুল হাইয়ের নেতৃত্বে পরিচালিত কয়েক ঘণ্টাব্যাপী অনুসন্ধান শেষে রাত ৯টা ৪০ মিনিটে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ মামুন হাসান জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ডুবুরি দল অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করে শিশুটির লাশ উদ্ধার করতে সক্ষম হয়। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের জলাশয়ের আশপাশে একা না রাখার বিষয়ে আরও সচেতন হতে হবে, যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এ মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।