বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজি নং-২২২৩) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মরহুম শ্রমিক নেতা মোঃ সাইফুল ইসলাম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের শ্রমিক আন্দোলন ও পরিবহন ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেন, মানুষকে একদিন না একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু মানুষ ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে চিরস্থায়ী আখেরাতের কথা ভুলে যায়। তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা দুনিয়ার জুলুম-নিপীড়ন ও কষ্টকে আখেরাতের মুক্তির পাথেয় হিসেবে গ্রহণ করেন বলেই তারা হাসিমুখে সকল প্রতিকূলতা মোকাবিলা করতে পারেন।
তিনি মরহুম মোঃ সাইফুল ইসলাম-এর স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ, নির্লোভ ও আত্মমর্যাদাশীল একজন সংগঠক। জীবনের কষ্ট ও অভাব কখনো মানুষের কাছে প্রকাশ করতেন না। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী আন্দোলন ও সংগঠনের বিভিন্ন দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করেছেন। ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের সদস্য হিসেবে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে তিনি নীরবে ও নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন।
আতিকুর রহমান আরও বলেন, সংগঠনের প্রতি একনিষ্ঠ ও খালেস নিয়তে কাজ করা মানুষের অবদানের কারণেই ইসলামী আন্দোলন আজকের অবস্থানে পৌঁছেছে। মরহুম সাইফুল ইসলাম নিজের ব্যক্তিগত সুবিধা-অসুবিধাকে উপেক্ষা করে সংগঠনকে সময় দিয়েছেন এবং শ্রমিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তার জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমেদ। এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুন উর রশিদ, কাজী আব্দুল বাশার, মোহাম্মদ আবুল হাসান, মোঃ জুবায়ের হোসেন, মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ আবুল কাশেম ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।