নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের পৃথক অভিযানে ৫৪ বোতল বিদেশী মদ ও আট কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার ভোররাতে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এ মাদক কারবারিদের আটক করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত ২টি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় ৩টি মাদক মামলা হয়েছে। সোমবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লার কারাগারে পাঠানো হয়েছে।
আটক মাদক কারবারিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের রিয়াদ হোসেন মুন্না (২৪), কাউছার (২৯), পেচাই মুড়ি গ্রামের সাইফুল ইসলাম (২৬), সোহাগ উদ্দিন (২৬), রামরায় গ্রামের শারমিন আক্তার (২৭), বাসন্ডা গ্রামের হৃদয় (২৬) ও নেত্রকোনার আটপাড়া উপজেলার হিফজুর রহমান (৩২)।
কিশোরগঞ্জ সংবাদদাতা : প্রায় ২০০ জন চেইন মাদক কারবারির প্রধান, ভৈরবপুর মধ্যপাড়া এলাকার আহিদ মিয়ার ছেলে ওমান মিয়াকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
গত ভৈরব থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার কুখ্যাত মাদক সম্রাট উমান মিয়া-কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত উমান মিয়া দীর্ঘদিন ধরে ভৈরব থানা এলাকাসহ আশেপাশের অঞ্চলে মাদক চোরাচালান ও ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং সে একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী০।
প্রাথমিক তদন্তে জানা যায়: সাধারণ মানুষকে মাদকের নেশায় ধ্বংস করে, অবৈধ মাদক ব্যবসার কালো টাকায় উমান মিয়া এলাকায় একটি বিশাল ৫ তলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছে। দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে চললেও শেষ রক্ষা হয়নি তার। গ্রেফতারকৃত উমান মিয়াকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
মুরাদনগর : ইয়াবা কারবারি সালমা বেগম(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। বাঙ্গরাবাজার থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বুধবার (২০ মে) কুমিল্লার মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানাধীন ৩নং আন্দিকুট ইউনিয়নের ডালপা ডালপা বাজারের পাশে জব্বার মিয়ার বাড়ীর খায়রুল মিয়ার স্ত্রী সালমা বেগম (২৮)কে আটক করে তার পরিহিত পায়জামার কোমরের কোচা হইতে একটি ছোট ব্যাগে রক্ষিত কালো রঙের পলিথিনের জিপারে ভর্তি ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে ট্রেনে ভারতীয় চোরাই পণ্য ও মাদক পাচারের ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিকের ওপর হামলা, মারধর, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক কালের কণ্ঠ’র বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয় এবং প্রেস ক্লাবের প্রচার সম্পাদক, দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক মো. শরিফুল ইসলাম সুমন।
কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম চিলমারী থানাধীন মাটিকাটামোর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যশোর জেলার অভয়নগর থানাধীন নোয়াপাড়া এলাকার মোছাঃ নাজমিন আক্তার (২২)কে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আটক গাঁজার বাজার মূল্য আনুমানিক ১,২০,০০০/- টাকা বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে ১জন নারী মাদক কারবারিকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম জেলার সকল থানা এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। ১৮ মে-২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে আটক করেছে পুলিশ।
আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে ৩৫০টি নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ কাউছার হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে আত্রাই রেলওয়ে স্টেশনের উত্তর পাশে গান্ধী চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গ্রেফতার কাউছার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী কাউছার উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
আদমদীঘি (বগুড়া) সংবাদদাত : বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ও সান্তাহার পৌরসভাসহ গ্রামাঞ্চলে ব্যাপক হারে মাদকদ্রব্য ছড়িয়ে পড়ছে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরদারি থাকা সত্ত্বেও মাদককারবারিরা ঈদের বিশেষ দিনে বেশি লাভের আশায় বিক্রি ও সেবনের উদ্দেশ্যে মদ, গাঁজা, হেরোইন ফেনসিডিল, ইয়াবা ও ইনজেকশনসহ বেশকয়েক প্রকার নেশার সামগ্রী মজুত করতে শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্র জানায়, মাদককারবারিরা পবিত্র ঈদুল আযহা ঈদের বিশেষ দিন বা পরের দিন বেশি লাভে বিক্রির আশায় হিলি, পাঁচবিবি, টেকনাফসহ দেশের বেশকিছু মাদক জোন এলাকা থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য অল্পমূলে কিনে ট্রেন কিংবা বাসযোগে আদমদীঘি ও সান্তাহার নিয়ে আসে। সেখানে অভিনব কায়দায় মাদককারবারি ও তাদের আশ্রয়দাতাদের বাসায় মজুত রেখে কিছু অংশ সান্তাহার পৌরসভা, ছাতনী ঢেকড়া, আদমদীঘি পশ্চিম ব্রিজ ডালম্বা বস্তি, জিনইর, মুরইল, বাজার, তালশন, তেতুলিয়া, ডহরপুর, শিবপুর, কুসুম্বী, চাঁপাপুর বাজার, বিহিগ্রাম, সিংগাহার, বড়িয়াবার্তা, কয়াকঞ্চি, নসরতপুর কলেজপাড়া, কুন্দগ্রাম, ছাতিয়ানগ্রাম, অন্তাহার, সালগ্রাম, ধনতলা, পারইলসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে থাকে। নারী-কিশোরসহ পাঁচ শতাধিক ব্যক্তি এই মাদক ব্যবসার সাথে জড়িয়ে রয়েছে বলে জানা গেছে।
পাটগ্রাম (লালমনিরহাট) : গত রবিবার (১৭ মে) রাতে অভিযান পরিচালনা করে ০৭ পিস ইয়াবা সহ হাবিব (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পাটগ্রাম থানার পুলিশ। গ্রেফতারকৃত হাবিব পাটগ্রাম পৌর স্টেশনপাড়া এলাকার খাইরুলের ছেলে বলে জানাগেছে। তাকে ৭ পিস ইয়াবাসহ স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন,নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা ,থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়ার্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিনাকুন্ডু শাখার আমীর বাবুল হোসাইন , বিএনপির থানা সভাপতি আবুল হাসান মাস্টার।