বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর-এর আমীর সেলিম উদ্দীন বলেন, শ্রমিকদেরকে যে পরিমাণ মজুরি দেয়া হয় তা দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় এবং মৌলিক অধিকার পূরণ করতে পারছে না। এজন্য শ্রমিকদের প্রয়োজনে সকলকে পাশে থাকার আহ্বান জানান তিনি। সেই সাথে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করতে সরকারের প্রতি অনুরোধও জানান তিনি।
গতকাল সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর এর উদ্যোগে শ্রমিকদের মাঝে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শ্রমিকগণই হচ্ছে রাষ্ট্রের চালিকা শক্তি, শ্রমিকদের কাজের মাধ্যমে দেশ উন্নতশীল হয়, সকল শ্রমিক মিলে যদি একদিন কাজ বন্ধ করে দেয় তাহলে দেশের অবস্থা কি হতে পারে, ভেবে দেখুন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তর এর সহ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলমের সঞ্চালনায়, ঢাকা মহানগরী উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা মোঃ মহিববুল্লাহর সভাপতিত্বে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে সেলিম উদ্দীন আরো বলেন, যুগে যুগে শ্রমিকগণই সামাজিক আন্দোলন সংগ্রামে অগ্রণি ভূমিকা পালন করেছে। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও ছাত্র জনতার সাথে শ্রমিকদের অবদান ছিলো বেশি। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় শ্রমিকদের পাশে থাকবে। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সাধারণ সম্পাদক ডাক্তার সুলতান মাহমুদ, মহানগরীর কার্যকরী কমিটির সদস্য মো: আবু হানিফ, তুরাগ দক্ষিণ থানা সভাপতি মনজুর আহমেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা মোঃ মহিববুল্লাহ বলেন, উন্নতশীল দেশ গড়তে শ্রমিকদের কাজের ক্ষেত্র তৈরি করে শ্রমিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চায় মালিক এবং শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক তৈরির মাধ্যমে কাজের পরিধি বৃদ্ধি করতে, যাতে মালিক, শ্রমিক উভয়ে লাভবান হয়।
ঢাকা মহানগরী উত্তরে শ্রমিকদের কল্যাণে ফ্রি ডাক্তার, এম্বুলেন্স সার্ভিস, সাস্থ্যসেবা, ফিজিও থেরাপি, শ্রমবান্ধব ট্রেনিং কার্যক্রম, ব্লাড প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সিটি মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন ভাই এ সকল সেবামূলক কার্যক্রমে শ্রমিকদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এবং শ্রমিকদের পাশে রয়েছেন। তিনি শ্রমিকদের পক্ষ থেকে সেলিম উদ্দিনের সে সকল সেবা মূলক কার্যক্রমের জন্য আল্লাহর নিকট শুকরিয়া জানান।