বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ৫ম ব্যাচের গবেষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সোমবার (১৮ মে ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন বিভাগের রিসার্চ ডিগ্রি ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, বাউবি দীর্ঘদিন ধরে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে দূরশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি গবেষণাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি গবেষণাকে কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং নতুন জ্ঞান সৃষ্টি, মানবকল্যাণ ও রাষ্ট্রের উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন।

ভিসি গবেষকদের নিষ্ঠা, সৃজনশীলতা ও নৈতিকতার সঙ্গে গবেষণা পরিচালনার আহ্বান জানিয়ে প্লেজিয়ারিজম ও অনৈতিক চর্চা থেকে বিরত থাকার পরামর্শ দেন। তিনি গবেষণার মানোন্নয়নে গবেষকবান্ধব পরিবেশ, নিয়মিত কর্মশালা, পর্যাপ্ত বাজেট ও সমৃদ্ধ লাইব্রেরির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস। তিনি বলেন, গবেষণাকে শুধুমাত্র পদোন্নতি বা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না রেখে মৌলিক জ্ঞান সৃষ্টির দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। তিনি শিক্ষার্থীবান্ধব গবেষণা পরিবেশ, প্লেজিয়ারিজম চেক ব্যবস্থা ও সহজ নীতিমালার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং ৫ম ব্যাচের ৪১ জন এমফিল ও পিএইচডি গবেষক উপস্থিত ছিলেন।