খুলনা মহানগরীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আসিয়া খাতুন (৭০) নামের এক নারী আহত হয়েছেন। নগরীর কুবা মসজিদ সংলগ্ন একটি বস্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ আসিয়া খাতুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরেই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আসিয়া খাতুন কুবা মসজিদ সংলগ্ন একটি বস্তির বাসিন্দা। সন্ধ্যায় তিনি বস্তির সামনের রাস্তায় বসে ছিলেন।

এ সময় কয়েকজন দুর্বৃত্ত রাসেল নামের একজনকে ধাওয়া দেয়। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে আসিয়া হাতের দুই আঙুলে লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাসেল ও গুলি করা দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।