চবি সংবাদদাতা : আসন্ন ঈদুল আযহায় শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে এবং দূরপাল্লার যাতায়াত ভোগান্তি কমাতে বিভাগীয় শহরগুলোতে ফ্রি বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। একই সঙ্গে আগামী ২২ ও ২৩ তারিখ (শুক্রবার ও শনিবার) ক্যাম্পাস থেকে শহরগামী বিকেল ৫.৩০ মিনিটের বাসটি সচল রাখার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিনের কাছে এই স্মারকলিপি প্রদান করেন চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব এবং সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান।

স্মারকলিপিতে চাকসু নেতারা উল্লেখ করেন, প্রতি বছর ঈদের সময় গণপরিবহনগুলোতে তীব্র টিকিট সংকট ও অতিরিক্ত ভাড়ার নৈরাজ্য দেখা দেয়। ফলে সাধারণ শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের এবং দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বর্তমান সময়ে তীব্র যানজট ও পথের নানাবিধ সুরক্ষার কথা চিন্তা করে শিক্ষার্থীরা বেশ উদ্বিগ্ন।

এ বিষয়ে চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় বাড়ি ফেরা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস দেওয়া এখন সময়ের দাবি। আশা করি প্রশাসন শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে।”

বিশেষ পুরস্কারে ভূষিত দাউদকান্দি থানার ওসি আব্দুল বারী

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পেশাগত দায়িত্ব পালনে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারী ও সাব-ইন্সপেক্টর (এসআই) রবিউল।কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি)।জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত এ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা শেষে সেরা কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের ভিত্তিতে নির্বাচিত কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি মোঃ আব্দুল বারী বলেন, “এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি দাউদকান্দি মডেল থানার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ স্বীকৃতি আমাদের জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহ জোগাবে।”একই অনুষ্ঠানে বিশেষ ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হন দাউদকান্দি মডেল থানার চৌকস কর্মকর্তা এসআই রবিউল।দাউদকান্দি থানার দুই কর্মকর্তার এ অর্জনে সহকর্মী পুলিশ সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।