খুলনা মহানগরীর শিববাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি’ কোম্পানীর এক সক্রিয় সদস্য সাঈদুরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় শরবত বিক্রিতে ব্যবহৃত একটি ভ্যান গাড়িসহ চালক আরিফ হোসেনকেও আটক করা হয়। রোববার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

খুলনা সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘বি’ কোম্পানীর প্রধান গ্রেনেড বাবুর পক্ষ থেকে তার অনুসারীরা ওই এলাকায় শরবত বিতরণ করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাঈদুরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আটক সাঈদুরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে গাড়িচালক আরিফ হোসেনকেও আটক করা হয়েছে। তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কোনো অপরাধে জড়িত না থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।