বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, সাম্প্রতিক নারী নির্যাতন, শিশু রামিসা হত্যার মতো নৃশংস ঘটনা সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। তিনি বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও পরিবারকে সমন্বিতভাবে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের মহিলা বিভাগের উদ্যোগে জামালখানস্থ মহানগর কার্যালয়ে আয়োজিত ইউনিট দায়িত্বশীলা ও সহকারী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহিলা বিভাগের সেক্রেটারি রোকেয়া বেগম চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর মহিলা বিভাগের সভানেত্রী ফরিদা খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর মহিলা বিভাগের সহ-সভানেত্রী আয়েশা পারভীন, মজলিসে শূরা সদস্য রাবিয়া বেগম, রাবেয়া বেগম রুনু , জয়নাব বেগম নাহিদ ও শাহনাজ পারভীন।

এস এম লুৎফর রহমান বলেন, দেশের গার্মেন্টসসহ বিভিন্ন কর্মক্ষেত্রে নারী শ্রমিকরা এখনো নানাভাবে নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করছেন। কর্মক্ষেত্রে যৌন হয়রানি, বৈষম্য, অনিরাপদ পরিবেশ ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে নারী শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি বলেন, শ্রমজীবী নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও মালিকপক্ষের নৈতিক দায়িত্ব।

প্রধান আলোচক ফরিদা খানম বলেন, মাতৃত্বকালীন ছুটি বর্তমান বাস্তবতায় আরও বাড়ানো প্রয়োজন। একজন মা যেন সন্তান জন্মদান ও লালন-পালনের প্রাথমিক সময়ে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন, সে জন্য মাতৃত্বকালীন ছুটি এক বছর করার দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে রোকেয়া বেগম চৌধুরী বলেন, নারী শ্রমিকদের অধিকার আদায় ও নিরাপত্তা নিশ্চিতে সংগঠিত ভূমিকা আরও জোরদার করতে হবে। তিনি বলেন, নৈতিকতা, সচেতনতা ও সাংগঠনিক শক্তির মাধ্যমে নারী সমাজকে আত্মমর্যাদাশীল ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে।