পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের মধুইল চৌধুরীপাড়ার দক্ষিণ পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি পুকুরের পানিতে এক ব্যক্তির লাশ উপুড় হয়ে ভাসতে দেখতে পান। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পত্নীতলা থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।