পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে যশোরের রামনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৭০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রধান ভূমিকা পালন করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন।

শুক্রবার (২২মে) সকাল ৯টায় বলাডাঙ্গা গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিট সভাপতি আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুন্সি নাজমুল হোসেন বলেন, সমাজের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা। সামর্থ্যবানদের উচিত মানবিক দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে আসা। তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি এ ধরনের কল্যাণমুখী কাজে সহযোগিতার আহ্বান জানান।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, যা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে আনন্দ ও স্বস্তির অনুভূতি দেখা যায়। অনেকেই জানান, ঈদের আগে এমন সহায়তা তাদের পরিবারে স্বস্তি এনে দিয়েছে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোতাহার হোসেন, তবিবুর রহমান, হাসান আল বান্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সমাজে মানবিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা স্থানীয় জামায়াতের এমন ধারাবাহিক জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর ইউনিয়নে বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা, খাদ্য বিতরণ ও সামাজিক সহযোগিতামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা। ঈদকে সামনে রেখে এই উদ্যোগও তারই অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

ঈদ উপহার হাতে পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। অনেকেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।