যশোরের মাদানী হজ কাফেলার স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জুমার নামাজের পূর্ব মুহূর্তে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে যশোরের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, শুক্রবার (৮মে)পবিত্র জুমার নামাজ আদায়ের সময় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুম আব্দুল মতিন বিশ্বাস দীর্ঘদিন ধরে হজযাত্রীদের সেবায় নিয়োজিত ছিলেন। মাদানী হজ কাফেলার মাধ্যমে তিনি অসংখ্য মানুষকে পবিত্র হজ পালনের সুযোগ করে দিয়েছেন। ধর্মপ্রাণ, বিনয়ী ও মানবিক গুণাবলির জন্য তিনি সর্বমহলে অত্যন্ত সম্মানিত ছিলেন। তার আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানুষের প্রতি ভালোবাসা তাকে একজন অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছিল। হজযাত্রীদের প্রতি তার আন্তরিক সেবা ও দিকনির্দেশনা মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) বাদ ফজর মক্কার পবিত্র হারাম শরীফে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে হারাম শরীফ সংলগ্ন প্রসিদ্ধ কবরস্থান সরাইয়া আল মহাজিরীন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন যশোর জেলা সভাপতি মিয়া মোহাম্মদ হালিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার, ইসলামী শ্রমিক আন্দোলন যশোর জেলা সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে মরহুমের পরিবার, স্বজন ও মাদানী হজ কাফেলার পক্ষ থেকে যশোর বাসীর কাছে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।