পাবনা সংবাদদাতা
বাংলা সাহিত্য ও সংগীতাঙ্গনের অবিস্মরণীয় ব্যক্তিত্ব, বিদ্রোহ ও মানবতার প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামত-এর জন্মজয়ন্তী উপলক্ষে পাবনায় আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনু৭ষ্ঠানের আয়োজন করেছে পাবনা সাংস্কৃতিক সংসদ। গতকাল সোমবার বিকেলে শহরের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য-সংস্কৃতিপ্রেমী মানুষ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা সাংস্কৃতিক সংসদের সভাপতি মো: আমান উল্লাহ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল গাফফার খান। বিশেষ অতিথি বিশিষ্ট সাহিত্যিক শফিকুর রহমান, সাংবাদিক, গবেষক ড. ইদ্রিস আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক সোহেল রানা, অধ্যাপক রফিকুল ইসলাম, শিল্পী আবু সালেক, সুলতান মাহমুদ সবুজ প্রমুখ।
নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, কবিতা পাঠ, নজরুল সংগীত এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও সমাজচিন্তা নিয়ে বিশদ আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল গাফফার খান বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন কেবল একজন কবি নন, তিনি ছিলেন যুগজাগরণের অগ্রদূত। তার সাহিত্য মানুষকে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। তিনি সাম্য, মানবতা, স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে আজীবন কলম ধরেছেন। বর্তমান সমাজে তার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ অতিথি, শফিকুর রহমান বলেন, “বিদ্রোহী কবি নজরুল সবসময় শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি হিন্দু-মুসলিম সম্প্রীতির কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন, মানুষের মুক্তির কথা বলেছেন। তার রচিত গান, কবিতা ও প্রবন্ধ আজও মানুষকে আন্দোলিত করে। আলোচনা শেষে শিল্পীরা পরিবেশন করেন নজরুল সংগীত। পাশাপাশি আবৃত্তি করা হয় জাতীয় কবির বিভিন্ন কবিতা। উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আদর্শ বাস্তবায়নে সাংস্কৃতিক আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।