জনগণের ভাগ্য উন্নয়নে গণভোট ও গণঅংশগ্রহণমূলক ব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নেই উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, পুরানো ব্যবস্থায় দেশ আর চলতে পারে না। জনগণ পরিবর্তন চায়, পরিবর্তনের জন্যই জুলাই বিপ্লব অর্জিত হয়েছে। জুলাইয়ে চেতনায় জনগণ জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে হ্যাঁ জয়যুক্ত করেছে। সরকারের দায়িত্ব জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা।

গতকাল বুধবার দুপুরে বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্য জাতীয়ভাবে ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে এই ঐক্য অটুট থাকবে।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনের আদর্শ ও সংহতি বজায় রেখে জনগণের সেবায় নিজেদের অব্যাহতভাবে নিয়োজিত রাখতে তিনি আহ্বান জানান। এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের বক্তব্য ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর আলোকে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক প্রসঙ্গ তুলে ড. মাসুদ এমপি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি বা নির্বাচন বাংলাদেশের ওপর কোনো প্রভাব ফেলবে না। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একটি রাষ্ট্রীয় সম্পর্ক। পারস্পরিক স্বার্থ, কূটনৈতিক ভারসাম্য ও আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তিতেই এ সম্পর্ক পরিচালিত হয়। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।

বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মাওলানা আইউব বিন মুসা এবং বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ সামসুল আলম, খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাঃ জাকির হোসাইন শিকদার, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আনিসুর রহমান এবং ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ইমাম হোসেন।

সভায় বক্তরা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের অধিকার আদায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জোটের ঐক্য আরও সুসংহত করা জরুরি।