হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও মা মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তর।

শুক্রবার, ২৩ মে ২০২৬ সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নদীর নয়াহাট থেকে গুমানমর্দন অংশে এই অভিযান পরিচালিত হয়। সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ এলাকা ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্রের পরিবেশ সুরক্ষাই ছিল অভিযানের মূল লক্ষ্য।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর ও মোতালেব এ সময় সহযোগিতা করেন।

অভিযানকালে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৪টি অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের দৈর্ঘ্য প্রায় ২৩০ মিটার এবং বাজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা বলে জানিয়েছে মৎস্য দপ্তর।

মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে হালদা নদীকে কার্পসহ সব ধরনের মাছের নিরাপদ প্রজনন ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হবে। মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।