জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও আধুনিক ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’ এর সফল সমাপ্তি হয়েছে গাজীপুরে। ভূমি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন, গাজীপুর আয়োজিত এ মেলায় অনলাইনভিত্তিক ভূমিসেবা, ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, খাস জমি সংক্রান্ত সেবাসহ নানা কার্যক্রমে ব্যাপক সাড়া দেন সাধারণ মানুষ।
গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের নাটমন্দিরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ গাজীপুর মোঃ আহমদ হোসেন ভূঁইয়া, ডিসি জেনারেল শাহরিয়ার নাজির,গাজীপুর জেলা রেজিস্ট্রার মিজানুর রহমান,
গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, সরকারি কমিশনার (ভূমি গাজীপুর সদর) মঈন খান এলিস, সহকারী কমিশনার (ভূমি টঙ্গী সার্কেল) ও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক প্রমুখ।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘ভূমিসেবা খাতে দীর্ঘদিনের জটিলতা দূর করে জনগণকে দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা প্রদানই বর্তমান সরকারের লক্ষ্য। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে মাঠ প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ভূমি অফিসকে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে প্রযুক্তিনির্ভর সেবার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।