সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে মবিল চুরি করে পাচারের সময় এক শ্রমিককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। শনিবার (২৩ মে) সকালে কারখানার প্রধান গেটে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চোরাই ২০ লিটার মবিল জব্দ করা হয়েছে। আটক শ্রমিকের নাম রুহুল আমিন শান্ত। তিনি টুল রুম সপের কর্মচারী। তার টিকিট নং ৭৪৩৪। তিনি সৈয়দপুর শহরের উত্তরা আবাসন এলাকার রশিদের ছেলে।

কারখানার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ মোখলেসুর রহমান ববি বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কারখানার এক শ্রমিক প্লাষ্টিকের ব্যাগের ভিতরে একটি জারে করে মোবিল নিয়ে তা সাইকেলযোগে যাওয়ার সময় গেটে দায়িত্বরত আরএনবি সদস্যরা ব্যাগ তল্লাসী করে উল্লেখিত মোবিল পায়। ওই শ্রমিক শিকার করেন যে, তিনি তার সপ থেকে এগুলো নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এমন ছোট খাটো জিনিস নেওয়া তেমন দোষের নয়। তবে তা বলে নিয়ে যাওয়াই উচিত। হঠাৎ আমাদের তল্লাসীতে ধরা পড়লে তা খুবই বিড়ম্বনাকর। তখন আমরা আর তা এড়িয়ে যেতে পারিনা। কেননা অন্য শ্রমিকরাসহ অনেকেই তা দেখে ফেলে। আজকেও সেরকম ঘটনা ঘটেছে। ডিএস মহোদয়েরও নির্দেশনা যে, এসব ছাড় দেওয়া যাবেনা। তাই ধরা পড়ায় তাকে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।