কাপ্তাই সংবাদদাতা : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় প্রথমবারের মতো যথাযথ নিয়মে কুরবানির পশু জবাই এবং পশুর চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণের লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলায় এর আগে এই ধরনের কোনো আয়োজন করা হয়নি।
আজ ২০ মে ২০২৬ (বুধবার) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষ ‘কিন্নরী’-তে এই ব্যতিক্রমী ও সময়োপযোগী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর এনামুলক হাজারী, বিশেষ অতিথি উপজেলা সরকারি তথ্য অফিসার, ডাক্তার ওমর ফারুক রানি, কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. রহমত উল্লা, কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর মো. হারুনুর রশিদ প্রমূখ। কাপ্তাই উপজেলা কর্মকর্তা বরুন কান্তি চাকমার সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচিতে কাপ্তাই উপজেলার বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব, ইমাম, ওলামায়ে কেরাম, মুসল্লি, সচেতন মহল প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা ধর্মীয় বিধি-বিধান মেনে সম্পূর্ণ মানবিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাইয়ের নিয়মকানুন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে, কুরবানির পর পশুর চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য প্রাথমিক স্তরেই বৈজ্ঞানিক ও সঠিক পদ্ধতিতে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের নানাবিধ কৌশল ও সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম বলেন, “কুরবানির পশুর চামড়া আমাদের জাতীয় সম্পদ। সঠিক নিয়মে চামড়া না ছাড়ানো এবং সংরক্ষণের অভাবে প্রতি বছর প্রচুর চামড়া নষ্ট হয়। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই অপচয় রোধ করতে পারি।”