বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের প্রবীণ মহিলা সদস্য (রুকন) মোমেনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল সোমবার এক শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, মোমেনা বেগম এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মহিলাদের মাঝে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, মোমেনা বেগম স্ট্রোক করে ১০ মে বিকাল ৩টায় ৭২ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ৩ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। সোমবার সকাল ১০টায় ধোয়াইল ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাঁকে ধোয়াইল সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।