গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজেতেলকুপি চর নিশ্চিন্তপুর গ্রামে গত বৃহস্পতিবার সকালে মাদকাসক্ত ভাতিজার হাতে সোহেল মিয়ার (৩০) দেশীয় অস্ত্রের (বটি) আঘাতে আপন ফুফু জহুরা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় সোহেলের মা আনোয়ারা বেগম ও চাচি জুলেখা বেগমকে আঘাত করলে তারাও গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জহুরা বেগম ওই এলাকার মৃত কাবিল শেখের মেয়ে এবং অভিযুক্ত মাদকাসক্ত সোহেল ওই গ্রামের মৃত সামু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, জোহরার স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি বাবার বাড়িতেই বসবাস করেন। সকালে ঘুম থেকে ওঠেই বঁটি দিয়ে সোহেল মিয়া হঠাৎ করে প্রথমে তার মা আনোয়ারাকে আঘাত করেন। এ সময় তার মা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে চাচি জুলেখাকে পেয়ে তার শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে ফুফু জহুরা বেগম এগিয়ে আসলে স্বজোরে তার পেটে আঘাত করে এবং বটি দিয়ে কোপ মেরে এক হাত কেটে ফেলেন। ফলে ঘটনাস্থলেই জহুরা বেগমের মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত আনোয়ারা ও জুলেখা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতলে নিয়ে যায়।