রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে ফসলি মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক বজ্রপাতে আক্কাস ফকির (৬০), তারেক (২২) নয়ন (২৬) নামের তিন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল ও বড়গাছা ইউনিয়নের আটনিতা গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্কাস ফকির পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে এবং তারেক একই গ্রামের আমিনুরের ছেলে। ও নিহত নয়ন বড়গাছা ইউনিয়নের আটনিতা গ্রামের হাসেন তালুকদারের ছোট ছেলে এই তিন কৃষকের আকস্মিক ও অকাল মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই আজ সকালে আক্কাস, তারেক ও নয়ন গ্রামের পাশে মাঠে কৃষিকাজ করতে গিয়েছিলেন। সকাল সারে দশটার দিকে হঠাৎ আকাশ মেঘাছন্ন হয়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। অবস্থা বেগতিক দেখে তারা মাঠ থেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফেরার চেষ্টা করেন। কিন্তু নিরাপদ স্থানে পৌঁছানোর আগেই তীব্র বজ্রপাতের শিকার হন তারা এবং ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পরে পাশের জমির অন্য কৃষকেরা মাঠে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন। “সকালে একসাথে মাঠে কাজে গেল মানুষ গুলো, আর দুপুরে ফিরলো লাশ হয়ে। প্রকৃতির এই তান্ডব মেনে নেওয়া কঠিন। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে তিন কৃষকের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। যেহেতু এটি একটি প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি নেই, তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তিনটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।