মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে ইরানের ওপর পূর্বপরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পৃথক ফোনালাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত ও কঠোর জবাব দেওয়ার হুমকির পর ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণা আসে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত।
তবে ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেকোনো হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে এবং একটি সমঝোতা চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে। এই সমঝোতার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান।