মোংলা (বাগেরহাট) সংবাদদাতা : পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাসের পিছনের সিট থেকে মো. রাজু হাওলাদার (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাটের মোংলা বাসস্ট্যান্ডে বাসটি পৌঁছানোর পর ঘটনাটি সামনে আসে।

নিহত রাজু হাওলাদার বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া এলাকার বাসিন্দা। তিনি মোঃ মিজানুর রহমানের আশ্রয়ে লালিত-পালিত হয়েছেন বলে জানা গেছে।

বিআরটিসির মোংলা বাস কাউন্টারের ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ঢাকা মেট্রো-ব-১৫-৫৪৭১ নম্বরের বিআরটিসি বাসটি পঞ্চগড় থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে যশোর এলাকা থেকে রাজু হাওলাদার বাসটিতে ওঠেন। তার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় নামার কথা থাকলেও তিনি সেখানে নামেননি।

পরবর্তীতে বাসটি মোংলা বাসস্ট্যান্ডে পৌঁছালে যাত্রীরা বাসের পেছনের সিটে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

গাজীপুর

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৬ জন দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ মে) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার পুলিশ দক্ষিণ আরিচপুর হোন্ডা রোডের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে টঙ্গী ও আশপাশের এলাকায় ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন এবং সড়কে পথচারীদের জিম্মি করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অভিযানকালে আসামীদের কাছ থেকে ১টি রামদা, ১টি ছুরি, ১টি কুড়াল, ১টি চাপাতি, ১টি সুইচ গিয়ার এবং ১টি চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব অস্ত্র ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩৬ (০৫) ২৬, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নরসিংদী

নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছে আরো দুই যুবক। শুক্রবার (২২ মে) বিকেলে পলাশ উপজেলার মাঝেরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক আশিক ভূঁইয়া (২০) পলাশ উপজেলার মাঝেরচর গ্রামের মনির হোসেন ভূঁইয়ার ছেলে। এসময় একই এলাকার বকুল ভূঁইয়ার ছেলে রুহুল আমিন (২০) ও মান্নান ফকিরের ছেলে ইলিয়াস আহত হয়। তাদের মধ্যে রুহুল আমিনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২৩ মে) সকালে হত্যার ঘটনায় নিহতের স্বজনরা ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীদের নিয়ে হত্যাকারীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পারুলিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে সাগর (২২) তার ছোট ভাই সোহাগের (২০) সাথে প্রতিবেশী বকুল ভূইয়ার ছেলে রুহুল আমিনের সাথে গত বৃহস্পতিবার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার মীমাংসা করার জন্য শুক্রবার বিকেলে পারুলিয়া ভূইয়া বাড়ির পাশে স্থান ও সময় নির্ধারণ করে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শুক্রবার বিকেলে উভয় পক্ষের লোকজন নির্ধারিত স্থানে বিচারকদের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাগর ও সোহাগসহ প্রায় ১০/১৫ জন লোক আশিকের উপরে হামলায় চালায়। এসময় তাদের হাতে থাকা ছুড়ি দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত। তাকে বাঁচাতে রুহুল আমিন ও ইলিয়াস এগিয়ে আসলে তারাও ছুরিকাজ্ঞাতে গুরুত আহত হয়। পরে এলাকাবাসীর সহযোগীতায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহুল আমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং ইলিয়াস প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। অভিযুক্ত সাগর ও সোহাগ পারুলিয়া গ্রামের ইউনুস আলীর পুত্র।

মোংলা

বাগেরহাটের মোংলা উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোংলা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।

পুলিশ জানায়, এসআই আরিফের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোড এলাকা থেকে মো. সবুর হাওলাদার (২৬) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সবুর স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

সখিপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখিপুরের মসজিদে রোডস্থ “দুইভাই গ্রাফিক্স এন্ড কম্পিউটার” নামক কম্পিউটারের দোকান থেকে গত (২৭ মার্চ-২০২৬) এক দুর্ধর্ষ চুরি হয়েছে। জানা যায়, গত ৩১ জানুয়ারি ওই দোকানের কিছু সংখ্যক মালামাল উপজেলার গড়বাড়ী গ্রামের আবু বকরের ছেলে শান্ত নামক ব্যক্তির নিকট ৯২০০০/-(বিরানব্বই হাজার) টাকার বিনিময়ে সাংবাদিক আবুল কাশেম বিক্রি করেন। এ ব্যাপারে ১৪,০০০/-(চৌদ্দ হাজার) টাকা বায়না করা হয় এবং এক সপ্তাহের মধ্যে বাকী টাকা পরিশোধ করে যাবতীয় মালামাল নিয়ে যাওয়ার মৌখিক ও লৈখিক অঙ্গীকার করা হয়। কিন্তু শান্ত’র সহযোগী কৃষক শ্রমিক জনতালীগের কর্মী শেখ সাদিক নামক জনৈক ব্যক্তির কুপরামর্শে সে (শান্ত) টাকা দিতে টালবাহানা করতে থাকে। এভাবে দুই মাসের অধিককাল সময় পার হয়ে যায়। এ সময়ের মধ্যে শান্ত টাকাও দেয় না মুঠোফোনেও তাকে পাওয়া যায়নি। হঠাৎ করে গত ২৭ মার্চ শুক্রবার সাংবাদিক আবুল কাশেমকে শান্ত ফোন করে টাকা দিতে আসে। কিন্তু মাত্র ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা প্রদান করে বাকী টাকা একটু পরে দেওয়ার কথা বলে চাবি নিয়ে দোকানের যাবতীয় মালামাল এমনকি যা বিক্রি করা হয়নি সেগুলোও নিয়ে যায়(এর মধ্যে চল্লিশ হাজার টাকা মূল্যের বেশি কাগজ-পত্র ছিলো)। তারপর তাকে বারবার তাগিদ দেওয়া সত্বেও টাকা পরিশোধ করেনি।

দাউদকান্দি (কুমিল্লা)

কুমিল্লার হোমনায় মাদক বিরোধী সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক তপন সরকারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, পাথালিয়াকান্দি গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত দোলন পরিকল্পিতভাবে এ হামলা চালায়। দোলন পাথালিয়া কান্দি খোকন মিয়ার ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৭টার দিকে হোমনা থেকে একটি সাংগঠনিক কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে পাথালিয়াকান্দি গ্রামের মো. হাফেজ মিয়ার বাড়ির ঘাটলার নিকট মো. দোলন (৩০) এর নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী কায়দায় সাংবাদিক তপন সরকারের উপর হামলা করা হয়। হামলায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

শ্রীমঙ্গল থানা পুলিশের একটি অভিযানিক দল সাব ইন্সপেক্টর মোঃ ইমানুর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ মাদক কারবারিকে আটক করেছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাত ১১টা ৩৫ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণটুক এলাকার মনসুর আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মনসুর আহমেদ (৪০), মোঃ ইসলাম মিয়া (৩৫), তমার দাস (৪০), ইয়াকুব আলী (৩৫), আশরাফুল হোসেন (৩২)ও মনির হোসেন (৫০) কে আটক করা হয়। ওসি আরো জানান, আটককৃতদের হেফাজত থেকে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ২৫০০ টাকাও জব্দ করা হয়েছে।

সারিয়াকান্দি (বগুড়া)

বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে নবম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ সাইম মুস্তাকিম (১৭) হত্যাকাণ্ডের অন্যতম আসামী লিখন মন্ডলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গত ২২ মে দিবাগত রাতে সারিয়াকান্দি থানা পুলিশের একটি বিশেষ দল ঘুঘুমারী মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে নওখিলা পি.এন উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের মাঝে সামান্য ‘ফাউল’ করা নিয়ে বাকবিতণ্ডা হয়। এই সামান্য বিরোধের জেরে ২১ মে দুপুরে ঘুঘুমারী এলাকায় মুস্তাকিমের ওপর অতর্কিত হামলা চালায় আসামীরা। বুক ও মাথায় ধারালো বার্মিজ চাকু এবং ভারী কাঠের বাটাম দিয়ে উপর্যুপরি আঘাতের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুস্তাকিম। এই বর্বরোচিত ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ৩নং আসামী করা হয়েছিল এই লিখনকে।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, সীমান্ত সুরক্ষা এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট নিয়ন্ত্রণসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় দোয়ারাবাজারে মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা যেকোনো মূল্যে বন্ধ করার তাগিদ দেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না উল্লেখ করে তিনি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন।